বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। রবিবার রাতে (১৭ নভেম্বর, বাংলাদেশ সময় ভোররাত ৩টায়) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশের (ডব্লিউসিবি একাদশ) বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন মেহেদি হাসান মিরাজরা।
প্রথমে এই ম্যাচটি চার দিনের ছিল, যা শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টি বিবেচনা করে তা দুই দিনের ম্যাচে রূপান্তর করা হয়েছে বলে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন।
বাংলাদেশ দলের একাংশ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলে ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত থেকে উড়ে গিয়েছেন। আর যারা ওয়ানডে সিরিজের দলে ছিলেন না, তারা গত সপ্তাহে বাংলাদেশ থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজে উড়ে গেছেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২২ নভেম্বর অ্যান্টিগায়, আর দ্বিতীয় টেস্ট হবে ৩০ নভেম্বর জামাইকায়। এরপর ৮, ১০ এবং ১২ ডিসেম্বর যথাক্রমে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।