কার্তিক মাসের শুরু থেকে শীতের আমেজ বইতে শুরু করেছে দিনাজপুরে। শনিবার (১৬ নভেম্বর) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
জেলার সড়কগুলোতে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক।
মোটরসাইকেল চালক ইলিয়াস হোসেন বলেন, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এমন পরিস্থিতিতে মোটরসাইকেল নিয়ে সড়কে না ওঠাই ভালো। মোটরসাইকেল চালাতে গেলেও চাকা স্লিপ করছে।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল উত্তর দিক থেকে ঘণ্টায় ২ কিলোমিটার।