সেঞ্চুরিকে ছেলেখেলা বানিয়ে ভারতের রেকর্ডের ছড়াছড়ি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রেকর্ড বইয়ে ওলটপালট করে দিয়েছেন ভারতের ব্যাটাররা। ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিতের পাশাপাশি সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা মিলে একাধিক রেকর্ড গড়েছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সেঞ্চুরিটাকেও যেন তারা ছেলেখেলা বানিয়ে ফেলেছেন এই সিরিজে। এবার দেখে নেওয়া যাক, কী কী রেকর্ড করলেন ভারতীয় ব্যাটাররা।

এক বছরে সর্বাধিক সেঞ্চুরি: সঞ্জু স্যামসন এই বছরেই টি-টোয়েন্টিতে ৩টি সেঞ্চুরি করে ফেলেছেন। এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতগুলো সেঞ্চুরি করার রেকর্ড আর কোনো ব্যাটারের নেই। এর আগে রোহিত শর্মা, কলিন মুনরো, রিলি রুশো, ফিল সল্ট এবং সূর্যকুমার যাদব একই বছর ২টি সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু।

এক ইনিংসে জোড়া সেঞ্চুরি: গতকাল শুক্রবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথমবার একই দলের দুই ব্যাটার এই ইনিংসে সেঞ্চুরি করলেন। এর আগে আইপিএলে এমনটা দেখা গিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ম্যাচে কখনও এই ঘটনা ঘটেনি।

একই সিরিজে দুটি সেঞ্চুরি: প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে একই টি-টোয়েন্টিতে সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন। সেই তালিকায় দ্বিতীয় নাম তিলক ভার্মা।

দ্বিতীয় উইকেটে সর্বাধিক রান: টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন সঞ্জু এবং তিলক। গতকাল শুক্রবার তারা ২১০ রানের জুটি গড়েন। এর আগে ২০১৪ সালে নামিবিয়ার হয়ে সাইব্রান্ড এঞ্জেলব্রেখট এবং মাইকেল লেভিট ১৯৩ রানের জুটি গড়েছিলেন। এতদিন দ্বিতীয় উইকেটের জুটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই ছিল রেকর্ড।

এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা: টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ২২টি ছক্কা মেরেছিল ভারত। কিন্তু গতকালের ম্যাচে ভারতের তিন ব্যাটার মিলে মোট ২৩টি ছক্কা মারেন। এর মাঝে তিলক ১০টি, সঞ্জু ৯টি এবং অভিষেক শর্মা মেরেছেন ৪টি ছক্কা।

এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কা: ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল বিরাট কোহলির। তিনি ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সিরিজে ১৩টি ছক্কা মেরেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে ২০টি ছক্কা মেরেছেন তিলক এবং ১৯টি ছক্কা মেরেছেন সঞ্জু।

ভারতের দ্রুততম ২০০: টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত অনেকবার দুইশর বেশি রান করেছে। এবার তারা দ্রুততম দুইশ রানের রেকর্ড গড়েছে। গতকাল শুক্রবার ১৪.১ ওভারেই ২০০ রান পেরিয়ে যান সঞ্জুরা। সেই সময় মনে হচ্ছিল, ভারত ৩০০ রানও করে ফেলতে পারে! যদিও শেষ পর্যন্ত ২৮৩ রান পর্যন্ত যেতে পেরেছিল সূর্যকুমার যাদবের দল।