মাংস চেয়েছিলেন। কিন্তু পাতে পড়ল শুধু ঝোল। ব্যস, তারপরই ধুন্ধুমার কাণ্ড। ভারতের উত্তরপ্রদেশে ‘মাটন পার্টি’ পরিণত হল রণক্ষেত্রে। খাওয়াদাওয়ার মাঝখানে মাংস আর ঝোল নিয়ে মারামারি শুরু হওয়ায় পার্টি ছেড়ে পালিয়ে বাঁচলেন অতিথিরা। পার্টির আয়োজক ছিলেন ভদোহীর বিজেপি সাংসদ বিনোদ বিন্দ।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মির্জাপুরের দলীয় কার্যালয়ে ‘মাটন পার্টি’র আয়োজন করেছিলেন বিনোদ বিন্দ। আশপাশের গ্রাম থেকে ২৫০ জন ওই পার্টিতে এসেছিলেন। দলীয় কার্যালয়ের সামনে চাতালে বসে খাওয়ানো হচ্ছিল সবাইকে। সব ঠিকঠাকই চলছিল। মাংস আর রুটি পরিবেশন করা হয়েছিল গ্রামবাসীদের। সবাই যখন খেতে ব্যস্ত, সেই সময়ে সাংসদের গাড়িচালকের ভাই কার্যালয়ে আসেন।
স্থানীয় সূত্রে খবর, সাংসদের গাড়িচালকের ভাইও খাবার পরিবেশন করা শুরু করেন। সেই সময় এক যুবকের পাতে মাংসের বদলে শুধু ঝোল দিয়েছিলেন তিনি। কেন মাংস না দিয়ে শুধু ঝোল দেওয়া হল, তা নিয়েই শুরু হয় গন্ডগোল।
তর্কাতর্কি থেকে পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছয়। এই পরিস্থিতিতে দুপক্ষের বেশ কয়েকজন ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন। খাবারের পাত্র উল্টে দেওয়া হয়। মাংস, ঝোল সব ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দুই পক্ষের মধ্যে লাথি, ঘুষি চলতে থাকে। এ সময় খাবার ফেলেই পালাতে শুরু করেন গ্রামবাসীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
তবে সাংসদের কার্যালয়ের দায়িত্বে থাকা ঊমাশঙ্কর বিন্দের দাবি, একটি গ্রাম থেকে বেশ কয়েকজন মদ্যপান করে কার্যালয়ে আসেন। তারাই গণ্ডগোল করার চেষ্টা করেন। যদিও তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া তখনই হয়েছিল।