বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি রাজনীতির আমূল পরিবর্তন এনে মানুষের ক্ষমতা নিশ্চিত করতে চায়। দলের পক্ষ থেকে জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের প্রত্যন্ত এলাকায় মানবতার কল্যাণে বিভিন্ন কাজ করছি।
আজ শনিবার দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে বন্যাকবলিত ইউনিয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া হয়েছে। দেশের মানুষ প্রত্যাশা করছে যৌক্তিক সময়ের অর্থ বুঝে তারা নির্বাচন দেবে। যেন জনগণের ক্ষমতা জনগণের হাতে, জনগণ দারাই নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা যায়।
কায়সার কামাল আরও বলেন, অন্তর্বর্তী সরকার যদিও জনগণ দারা নির্বাচিত নয়, কিন্তু রাজনৈতিকভাবে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থনের এই সরকার। অর্থাৎ এই সরকারের প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন আছে। গত ১৬ বছর বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন হয়েছে। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানেই বর্তমানের এই সরকার। গত ১৬ বছর ফ্যাসিস্ট রেজিম এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। এদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে গ্রামবাংলা ও শহরের আনাচে-কানাচে মানুষের রক্ত চুষে খেয়ে নিয়েছিল আওয়ামী লীগ।
উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা নেন। ড্যাবের বিভিন্ন বিভাগের ২৯ জন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী রোগী দেখে পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ ও হতদরিদ্র রোগীরা বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পাওয়ায় তারা অনেক খুশি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি আহ্বায়ক ফরিদ আলী, সদস্য সচিব হারেছ গনিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।