আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী। তিনি বলেছেন, বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার মধ্যে ১৭ লাখ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে রিজভী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই সভার আগে তিনি উপজেলার সুন্দরকাঠী গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন।
শেখ হাসিনাকে ‘রক্ত পিপাসু’ হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে তিনি হাজার হাজার মানুষ খুন করেছেন। শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন এবং নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন এবং বিরোধী মতের উপর খুন, গুম ও নির্যাতন চালিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে পলাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করিয়েছেন। তিনি উপস্থিত জনতাকে সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ যেন পুনরায় ক্ষমতায় না আসে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ স্বার্থক হবে।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। গত ১৬ বছরে আওয়ামী লীগ তাদের নিজেদের লোকজনের জন্য লুটপাটের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং জনগণের গণতন্ত্র হরণ করেছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই পথ খুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার এবং পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহিন তালুকদার প্রমুখ।
গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা-সহমর্মিতা জানিয়ে বরিশাল বিভাগের ৩১টি শহিদ পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন রিজভী। আয়োজকরা জানিয়েছেন, জিয়া পরিবারের উদ্যোগে ইতিমধ্যে দেশের ২৮টি জেলার দেড়শ শহিদ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।