কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে খুব শিগগিরই মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করবে বিএনপি।
তিনি বলেন, বাংলাদেশে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল খেলা দুটি অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে লক্ষ্য রেখেই চলমান টুর্নামেন্টের পরই আমাদের প্রিয় নেত্রীর নামে ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করব আমরা।
আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় ফরিদপুর স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত টি-টুয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের উদ্বোধনে যোগ দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ক্রিকেট খেলা শুরু করেছি। এর আগে আমরা আরাফাত রহমান কোকোর নামে টুর্নামেন্ট করেছি।
তিনি বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে তৃণমূল লেভেল থেকে খেলাধুলার মাধ্যমেই আমরা ভালো খেলোয়াড় বাছাই করে তুলে আনতে পারব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গোল্লা, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল ইসলাম শাহজাদা মিয়া, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহাবুবুল হাসান পিংকু, জেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত ১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে অংশ নেবে।