আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টে মুহসীন হল চ্যাম্পিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'স্বাধীনতা ২.০ আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট' এর ফাইনালে হাজী মুহম্মদ মুহসীন হল ১০০ রানে স্যার এ এফ রহমান হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনালে হাজী মুহম্মদ মুহসীন হল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান তোলে। দলের পক্ষে নীরব হোসেন ৫১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে স্যার এ এফ রহমান হল ১৪.২ ওভারে ১০১ রানে অলআউট হয়। মুহসীন হলের সাইমন ৪ এবং শোয়েব আখতার রনি ৩ উইকেট নেন।

ফাইনালে ম্যাচসেরা ও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মুহসীন হলের শিক্ষার্থী নীরব হোসেন। টুর্নামেন্টসেরা হয়েছেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সিফাত সাদিক খান। সর্বোচ্চ ১৪ উইকেট শোয়েব আখতার রনির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ১৩টি হল ও ২ হোস্টেলের ছাত্ররা অংশগ্রহণ করেন।

ফাইনাল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।