ভাবনায় বিয়ে

ছেলেরা নাকি তাকে ভয় পায় বিয়ে প্রসঙ্গে এমন মন্তব্য করলেন চিত্রনায়িকা ববি হক। সম্প্রতি নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। সিনেমাটির মহরত অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে নিয়ে এক প্রশ্নে এমন কথা বলেন তিনি।

নতুন যে সিনেমার ঘোষণা এল তার নাম ‘বউ’। স্বভাবতই বউ থেকে বিয়ে প্রসঙ্গ উঠতে সময় লাগেনি। বিয়ের পিঁড়িতে কবে বসছেন, এমন প্রশ্নে ববি বললেন, ‘আমি অ্যাকশন সিনেমা করি। পর্দায় ভিলেনদের খুব মার দেই। তাই আমাকে দেখে বেশিরভাগ ছেলে ভয় পায়। দেখা যাক সামনে কী হয়।’

সেই সঙ্গে এও জানালেন, পাত্র পেলেই বিয়ে করে ফেলবেন তিনি।

ভবিষ্যৎ শ^শুরবাড়ি নিয়ে জানিয়েছেন নিজের প্রত্যাশার কথাও। তার ভাষ্যে, ‘যে পরিবারে বিয়ে হবে তাদের সবাইকে আপন করে নেব। আমিও চাইব তারা যেন আমাকে আপন করে নেন। ভালোবাসা আর সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই।’

কে এ নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমায় ববির বিপরীতে থাকছেন ডি এ তায়েব। সিনেমাটি নিয়ে এই নায়িকা বলেন, ‘এখনকার আধুনিক সময়েও আমরা দেখতে পাই বউ-শাশুড়ির ঝামেলা। বউকে মেয়ের মতো দেখার চর্চাটা আমাদের সমাজে এখনো কম দেখা যায়। মেয়ে না হোক অন্তত বউয়ের মর্যাদা যদি দেওয়া যায় তাহলেও এই সমস্যা দূর করা সম্ভব। সেটার কিছু চর্চা বউ সিনেমায় দেখা যাবে।’

সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রাঙ্গন স্থবির হয়ে আছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সিনেমার কাজ হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোরেন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

জানা গেছে, চলতি মাসের শেষ দিকে শুরু হবে ‘বউ’ সিনেমার শুটিং। টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা হচ্ছে বলে জানা গেছে। ববিকে সর্বশেষ দেখা গেছে ‘ময়ুরাক্ষী’ সিনেমায়। রাশিদ পলাশ পরিচালিত এ সিনেমায় ববির বিপরীতে ছিলেন সুদীপ কুমার দ্বীপ।