অনেক দিন ধরেই গানে নেই এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আজমেরী নির্ঝর। পড়াশোনা ও নাগরিকত্ব ইস্যুতে লম্বা সময় ধরে সংগীত ও দেশের বাইরে অর্থাৎ ফ্রান্সে অবস্থান করছেন তিনি।
নতুন খবর হলো, বিয়েবন্ধনে আবদ্ধ হলেন ফ্রান্সপ্রবাসী এই কণ্ঠশিল্পী। গত ১৫ নভেম্বর প্যারিসে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে বলে জানান নির্ঝর নিজেই। বর ফেনীর ছেলে জাহেদ আহমেদ মামুন। যুক্তরাজ্যে পড়াশোনা শেষ করে বর্তমানে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন। মূলত তিনি ব্যবসায়ী ও সমাজসেবক।
অন্যদিকে আজমেরী নির্ঝর কয়েক বছর ধরে প্যারিসে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে ফ্রান্সের ইমিগ্রেশন বিভাগে চারটি ভাষার ট্রান্সলেটর হিসেবে কর্মরত আছেন।
নির্ঝর বলেন, ‘সবার কাছে দোয়া চাই, আমাদের নতুন জীবনের জন্য। দ্রুতই আমরা দেশে যাওয়ার পরিকল্পনা করছি। তখন বড় করে আনুষ্ঠানিকতার ইচ্ছে আছে।’
বলা দরকার, আজমেরী নির্ঝর নতুন গান প্রকাশের চেয়েও যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্সে ছুটেছেন উচ্চশিক্ষার জন্য। অবশেষে থিতু হলেন প্যারিসে।
ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত আছেন নির্ঝর। খুলনা নজরুল একাডেমিতে ১০ বছর নজরুল সংগীতের তালিম নিয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ, নতুন কুঁড়ি, জাতীয় শিশু পুরস্কারসহ অনেক পুরস্কারই পেয়েছেন এই শিল্পী। এ পর্যন্ত তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে নির্ঝরের। এগুলো হচ্ছে ‘পোড়ামুখী’ (২০০৩), ‘সূর্যমুখী’ (২০০৫) ও ‘স্বপ্নমুখী’ (২০১২)।
সিঙ্গেল গানের মধ্যে ‘জানি একদিন’ ও ‘আজকের এই নিশি’ গান দুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল, ২০১৫ সালে দেশ ছাড়ার আগে আগে। জানা গেছে, বেড়ানোর জন্য আসছে বছরে দেশে ফিরলেও গানে ফেরার ইচ্ছা নেই আজমেরী নির্ঝরের।