আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে সে বক্তব্য প্রত্যাহার করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গত শুক্রবার তিনি এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ১৪ নভেম্বর, ২০২৪ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ্যে করে বক্তব্যের তথ্য বিভ্রাটে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আমার বক্তব্য প্রত্যাহার করছি। চিফ প্রসিকিউটর সহিত আলোচনার বিষয়টি পরিষ্কার হওয়ায় গণহত্যার বিচার নিশ্চিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’ এদিকে এক বিবৃতিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘নুরুল হক নুরের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি তার বক্তব্য প্রত্যাহার করেছেন এবং ট্রাইব্যুনালের কার্যক্রমে রাজনৈতিক দল হিসেবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’