চীনের পূর্বাঞ্চলে একটি কারিগরি স্কুলে সাবেক এক শিক্ষার্থীর ছুরি হামলায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী সাবেক ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ইক্সিং শহরের উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সাবেক শিক্ষার্থীর চলতি বছর স্নাতক পাস করার কথা ছিল কিন্তু তিনি পরীক্ষায় অকৃতকার্য হন। এই কারণে সম্ভবত তার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই শিক্ষার্থী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। সে তার ক্ষোভ প্রকাশ করতে স্কুলে ফিরে এসেছিল এবং এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।
ইক্সিং শহরের পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে জরুরি পরিষেবাগুলো পূর্ণমাত্রায় কাজ করে যাচ্ছে এবং হামলায় ক্ষতিগ্রস্তব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে।
গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো চীনে এ ধরনের ঘটনা ঘটলো। এর আগে এক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রে ভীড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে ৩৫ জন নিহত এবং আরও ৪৩ জন আহত হয়।