সদ্য ছেলে সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তার খেলা নিয়ে চলছে জল্পনা। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন, রোহিতের দ্রুত অস্ট্রেলিয়া যাওয়া উচিত। তিনি জানান, রোহিতের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলকে সিরিজ জয়ে সহায়তা করবে।
সৌরভ বলেন, ‘আমি আশা করছি রোহিত খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়া যাবে। ওর নেতৃত্ব দলের প্রয়োজন। আমি যদি ওর জায়গায় থাকতাম, তাহলে পার্থে খেলতাম।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে হলে ভারতকে এই সিরিজ জিততেই হবে। সৌরভের মতে, প্রথম টেস্ট শুরু হতে এখনও এক সপ্তাহ বাকি। দলের দারুণ শুরু নিশ্চিত করতে রোহিতের মতো একজন দক্ষ অধিনায়কের উপস্থিতি জরুরি।
সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হারের পর ভারতের ওপর চাপ আরও বেড়েছে। পার্থ টেস্টে রোহিতের খেলা নিয়ে তিনি নিজেই সন্দেহ প্রকাশ করেছিলেন, কারণ তখনই জানা গিয়েছিল, দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় ছিলেন তিনি। যদিও সন্তান আগেই জন্ম নেওয়ায় এখন তার হাতে কিছুটা সময় আছে।
এদিকে, পার্থ টেস্ট থেকে বাদ পড়েছেন শুভমন গিল। তার বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে। এই পরিস্থিতিতে ওপেনিং এবং টপ অর্ডারে ভারতের বিকল্প খুঁজতে হবে। যদি রোহিতও না খেলেন, তাহলে দল আরও চাপে পড়বে। ফলে বিরাট কোহলি ও ঋষভ পন্থের উপর দায়িত্ব বাড়বে।
সৌরভের বিশ্বাস, রোহিত দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং সিরিজে ভারতের সম্ভাবনা শক্তিশালী করবেন। এখন দেখার বিষয়, প্রথম টেস্টের আগেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন কি না।