ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠেছে কথার লড়াই। অজিদের টার্গেট এবার ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। বদমেজাজী হিসেবে পরিচিত গম্ভীর সম্প্রতি চটেছিলেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের ওপর। এবার গম্ভীরকে আক্রমণ করলেন আরেক সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পর অস্ট্রেলিয়া সিরিজ খেলতে গেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই সিরিজ জিততেই হবে। এর আগে পেইন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে এর আগেও ভারত সিরিজ জিতেছে। তখন তাদের কোচ ছিলেন রবি শাস্ত্রী। সে কোচ হিসেবে ছিল দারুণ। দলের মাঝে দারুণ পরিবেশ সৃষ্টি করেছিল এবং খেলোয়াড়দের সবসময় চাঙ্গা রাখত।’
এরপরই গম্ভীরকে আক্রমণ করে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক পেইন বলেন, ‘শাস্ত্রী তার দলের ক্রিকেটারদের স্বপ্ন দেখাত। কিন্তু এখন ভারতের নতুন কোচ। সে খুবই বদমেজাজি, সব সময় প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এটা যে খুব খারাপ সেটা নয়। তবে আমার মনে হয়, ভারতীয় দলের কোচ হিসাবে সে সঠিক লোক নয়। সংবাদ সম্মেলনে যদি সামান্য একটা প্রশ্নে কোচের মেজাজ বিগড়ে যায়, তাহলে পার্থে টেস্ট হারলে বাকি সফরে সে কী করবে?’
উল্লেখ্য, কয়েকদিন আগে ‘আইসিসি রিভিউ’তে পন্টিং বলেন, ‘কোহলির একটি পরিসংখ্যান সেদিন দেখলাম যে, গত পাঁচ বছরে সে স্রেফ দুটি টেস্ট সেঞ্চুরি করেছে। পরিসংখ্যানটিকে আমার ঠিক মনে হয়নি। তবে এটা যদি ঠিক হয়, তাহলে ব্যাপারটি নিয়ে দুর্ভাবনার কারণ আছে। অন্য কেউ যদি পাঁচ বছরে দুটি সেঞ্চুরি করত, তাহলে তাকে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে দেখাই যেত না।’
পন্টিংয়ের এই বক্তব্যের জবাবে গত সোমবার প্রকাশ্য সংবাদ সম্মেলনে গম্ভীর বলেছিলেন, ‘কোনো দুর্ভাবনা নেই (কোহলি-রোহিতকে নিয়ে)। ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত ভাবনা কেন? তার উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে চিন্তা করা। আমার কোনো দুশ্চিন্তা নেই (ওই দুজনকে নিয়ে)। ওরা দুজন অবিশ্বাস্য কঠিন মানসিকতার, ভারতীয় ক্রিকেটের জন্য অনেক অর্জন করেছে এবং ভবিষ্যতেও করবে।’
গম্ভীরের এই জবাবের পর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম 'সেভেন নিউজ'কে পন্টিং বলেছিলেন, ‘প্রতিক্রিয়াটি পড়ে বিস্মিত হয়েছি বটে, তবে (ভারতের) কোচ গৌতম গম্ভীরকে যতটা জানি...সে বেশ রগচটা। তাই তার কাছ থেকে এমন উত্তরে খুব একটা অবাক হইনি।’