উন্নত বিশ্বে মাঝেমধ্যেই লিঙ্গ পরিবর্তনের খবর পাওয়া যায়। এবার সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তনের মধ্য দিয়ে মেয়ে হয়েছেন। তার নাম এখন 'আনায়া'। সাবেক অল-রাউন্ডার সঞ্জয় ২০০৩ বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন। খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।
২৩ বছর বয়সী আরিয়ান বর্তমানে ইংল্যান্ডে থাকেন। কাজ করেন টান্সজেন্ডারদের নিয়ে। অবশ্য বাবার মতোই ক্রিকেটার ছিলেন আরিয়ান। কিন্তু লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না। আনায়া এক পোস্টে লিখেছেন, ‘তরুণ বয়স থেকে, ক্রিকেট সবসময় আমার জীবনের একটা অংশ। বড় হওয়ার আগে, আমি আমার বাবাকে দেখেছি, তিনি কীভাবে দেশের হয়ে খেলেছেন ও কোচিং করেছেন। আমিও তার পথ অনুসরণ করার স্বপ্ন দেখতাম। কিন্তু আমি এখন কঠিন বাস্তবতার মুখোমুখি।’
ক্রিকেট নিয়ে আফসোস করে আনায়া আরও লিখেছেন, ‘আমি কোনোদিন ভাবিনি আমি ক্রিকেটের স্বপ্ন দেখা ছেড়ে দেব। কিন্তু বাস্তবতার জন্যই সেটা আমাকে করতে হয়েছে। একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হয়েছে। তাতে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে। আমি মাসল হারিয়েছি এবং অ্যাথল্যাট হওয়ার ক্ষমতাও ধীরে ধীরে হারিয়ে যায়। আমি যে খেলাটাকে ভালোবাসতাম, সেটা আমার থেকে সরে যেতে থাকে।’