বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটাবিরোধী আন্দোলন। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন থমকে গিয়েছিল, সেই মুহূর্তে জাতির কাণ্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্র-জনতার আন্দোলনে রূপ দেন তারেক রহমান।
আজ রবিবার বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা, বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল। তবে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। এজন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সর্তক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। রাষ্ট্রের ভালোমন্দ রাজনীতিবিদরাই ভালো জানেন। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ সময় ক্ষেপণ না করে নির্বাচনের পথ তৈরি করুন। এবারের গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সকলের জন্য শিক্ষা।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজীর সভাপতিত্ব সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ। বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলী ও বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল বক্তব্য রাখেন।