ইতিহাস গড়লেন ভিক্টোরিয়া

এবারের মিস ইউনিভার্স আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ, যা ইতিহাসে প্রথম। ২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা ও উচ্চাকাক্সক্ষী আইনজীবী।

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রথমবারের মতো ডেনমার্কের কোনো প্রতিযোগী মিস ইউনিভার্সের শিরোপা অর্জন করলেন। তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ভিক্টোরিয়া। প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। যেখানে দ্বিতীয় রানারআপ হলেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এই পর্বে এক বর্ণাঢ্য জাতীয় পোশাক প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল। এরপর সেমি-ফাইনালে অংশগ্রহণকারীরা সাঁতারের পোশাকে প্রদর্শনী করেন। ১২ জন চূড়ান্ত পর্বে উন্নীত হয়ে তাদের সন্ধ্যার পোশাকে মঞ্চে পা রাখেন।

শীর্ষ পাঁচ প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে নেতৃত্ব ও মানসিক দৃঢ়তার মতো বিষয় উঠে আসে। যখন ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয়, ‘কেউ যদি আপনাকে বিচার না করে, তবে আপনি কীভাবে জীবনযাপন করতেন?’ তিনি উত্তর দেন, ‘আমি আমার জীবন প্রতিদিনের মতোই কাটাতাম।’

পরে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান।’ তিনি আরও যোগ করেন, ‘আমি এখানে দাঁড়িয়েছি, কারণ আমি পরিবর্তন চাই এবং আমি আজ রাতে ইতিহাস গড়ছি।’ এই বছর মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৮ বছরের বেশি বয়সী প্রতিযোগীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। দুই ডজনেরও বেশি প্রতিযোগী আগের সীমাবদ্ধতা ছাড়িয়ে ফাইনালে পৌঁছান, যেখানে মাল্টার বিট্রিস এনজোয়া ৪০ বছর বয়সে প্রথম এবং একমাত্র প্রতিযোগী হিসেবে গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করেন।