দ্য রুনা লায়লা...

মাস কয়েক আগেই বর্ণময় ক্যারিয়ারের ষাট বছরে পদার্পণ করেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বব্যাপী দুহাতে কুড়িয়েছেন ভালোবাসা। এরপর গতকাল ছিল কিংবদন্তি এই গায়িকার ৭২তম জন্মদিন। ঘড়ির কাঁটা বারোটা বাজার আগে থেকেই সহকর্মী ও ভক্ত অনুরাগীদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।

শ্রোতা-দর্শকের ভালোবাসা প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, এক জীবনে দেশ-বিদেশের শ্রোতাদের ভালোবাসা, শ্রদ্ধা এত এত পেয়েছি, শুকরিয়া আদায় করেও শেষ করতে পারব না। এখনো পাচ্ছি। ৬০ বছর ধরে পেয়ে চলেছি। শ্রোতাদের বাইরে আমার অঙ্গনের অগ্রজ, অনুজ এবং সমসাময়িক সবার স্নেহ, সম্মান, ভালোবাসা তো অতুলনীয়।

এদিকে নিজের জন্মদিনে বিশেষ চমক নিয়ে হাজির হলেন রুনা লায়লা। চমকটি হলোÑ ‘দ্য রুনা লায়লা’ নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি, যেটাকে তিনি শ্রোতা-দর্শকদের জন্য উপহার বলছেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, ভালোবাসা দেন, উপহার দেন। সেই সঙ্গে দোয়া-আশীর্বাদ তো থাকেই আপনাদের। ভাবছি আমার এবারের জন্মদিনে আপনাদের একটা উপহার দেব। সেই উপহারটি হলো অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘দ্য রুনা লায়লা’।” সেই সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ জানিয়েছেন দেশবরেণ্য এই সংগীতশিল্পী।

ফেসবুকে ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই সেগুলো তুলে ধরতে আপনাদের সবাইকে পাশে চাই। আপনাদের ভালোবাসা যেন থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের যতœ নেবেন। আমি সবাইকে ভালোবাসি। অনেক ধন্যবাদ।’

রুনা লায়লার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা প্রথম কনটেন্ট হলো ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবোর ভিডিও। বিটিভিতে প্রচারিত হয়েছে তার এই পরিবেশনা। গানটি লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন সুবল দাস। ইউটিউবে আপলোড করা তার দ্বিতীয় গানের শিরোনাম ‘হ্যালো হাই’। বাপ্পি লাহিড়ীর সুরে ‘সুপারুনা’ অ্যালবামে ছিল এটি। ১৯৮২ সালের ১ ডিসেম্বর ইএমআই মিউজিক কোম্পানি থেকে এই অ্যালবাম প্রকাশের প্রথম দিনেই ১ লাখ কপি বিক্রি হয়। এ জন্য উপহার হিসেবে গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড পেয়েছেন রুনা লায়লা। অ্যালবামটির কাজ হয়েছিল লন্ডনে, যেখানে এক সময়ের বিখ্যাত ব্যান্ড বিটলস গান রেকর্ডিং করত।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী ক্যারিয়ারে মোট ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন। এর মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে বলিউডের ‘ঘারোন্দা’ (১৯৭৭) ছবিতে জয়দেবের সুরে ‘তুমহে হো না হো’ ও ‘দো দিওয়ানে শেহার মে’ (সহশিল্পী : ভূপিন্দর সিং) গান দুটি আপলোড করেছেন তিনি। এ ছাড়া রয়েছে একটি করে বাংলা দেশাত্মবোধক ও ফোক গান এবং পাঞ্জাবি গান।