গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে গত শুক্রবার রাতে নওগাঁর মান্দার প্রসাদপুর বাজার থেকে তাকে আটক করা হয়। তার সঙ্গে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথিত ‘ফোনালাপ’ ফেসবুকে ছড়িয়ে পড়েছিল।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জ থানা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওইদিন থেকে তিনি ও তার অনুসারীরা আত্মগোপনে ছিলেন।
মান্দা থানার ওসি মনসুর রহমান জানান, শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মান্দা থানা পুলিশের সহযোগিতায় নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সংলগ্ন বোনের বাসা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গতকাল রবিবার গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ (গতকাল) গোবিন্দগঞ্জ চৌকি আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করাসহ ফোনালাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।’ তবে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়নি।