বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে অংশ নেওয়ার কারণে নিজেদের ঘরে থাকতে পারিনি। কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এনটিআরসিএর মাধ্যমে বৈষম্যের স্বীকার হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয় পাস নম্বর হিসেবে ৪০ বিবেচনা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক পরীক্ষার্থী ১০০ নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে।’
এ সময় তারা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো নিম্নোক্ত রোল নম্বরধারীদের লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করা; ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান অবস্থায় দ্রুত ফলাফল পুনর্নিরীক্ষণ করা; এনটিআরসিএর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকীর পদত্যাগ; পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখসহ এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে আমাদের অকৃতকার্য করা হয়েছে কি না, তা তদন্ত করা।