গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। গত শনিবার রাতে নগরীর বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল হক (৬৫) ও রোজিনা হক (৪৯)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার এসআই নাহিদ ইসলাম জানান, রাত ১০টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। এতে দগ্ধ চারজনকে উদ্ধার করে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে শামসুল হক ও রোজিনা হক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসেন। তবে তানজিল ও রাব্বি এখনো চিকিৎসাধীন। আহতদের মধ্যে শামসুল ও রোজিনা স্বামী-স্ত্রী। আর রাব্বি ও তানজিল পেশায় মিস্ত্রি। তাদের মধ্যে তানজিল ও রাব্বি বেশি দগ্ধ হয়েছেন।

এসআই নাহিদ আরও জানান, গ্যাস সিলিন্ডারের গ্যাসলাইনে লিকেজ ছিল। পরে স্থানীয় মিস্ত্রি এনে সেটা মেরামত করার সময় অসতর্কতার কারণে ওই লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।