প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমানোর তাগিদ আসিফের

স্থানীয় পর্যায়ে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমানোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়ন দ্রুততার সঙ্গে করতে হবে। দীর্ঘসূত্রতার ফলে উন্নয়ন সহযোগীরা নেতিবাচক ধারণা পোষণ করেন। তারা আমাদের সঙ্গে কাজের উৎসাহ হারিয়ে ফেলেন। কোনো কারণে প্রকল্প বাস্তবায়নে সময় বেশি লাগলে সে ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে কাজ করা উচিত। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে।’

গতকাল রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় স্থানীয় সরকার উপদেষ্টা এসব কথা বলেন। ১৯টি দপ্তর সংস্থার ২৩০টি প্রকল্পের মধ্যে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ৬২টি এবং জিওবি অর্থায়নে ১৬৮টি প্রকল্প রয়েছে।

রাস্তা বা কালভার্টের কাজ করতে চাহিদা কীভাবে নিরূপণ হয় জানতে চেয়ে উপদেষ্টা বলেন, ‘কনসালট্যান্ট নিয়োগে সময়ক্ষেপণ প্রকল্প বাস্তবায়নে প্রভাব পড়ে। কনসালট্যান্ট নিয়োগে সংক্ষিপ্ত সময়ে কীভাবে করা যায়, সে উদ্যোগ গ্রহণ করতে হবে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের রক্ত বৃথা যেতে দেব না। নতুন দেশে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। আমাদের সবার চেষ্টা থাকবে, মানুষের আশার প্রতিফলন ঘটাতে।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসম্পৃক্ততা বেশি, দায়িত্বও বেশি উল্লেখ করে সবাইকে দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করার আহ্বান জানান তিনি।