প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় বলেছেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে নতুন বই ছাপাতে কিছুটা দেরি হচ্ছে। তবে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে নতুন বই পৌঁছে দেওয়া হবে।
গতকাল রবিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, ‘আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে বই উৎসব হয়। বাচ্চাদের নতুন বই দিয়ে থাকি। পরিবর্তিত পরিস্থিতির কারণে বই তৈরি করা, বই ছাপাখানাতে দিতে কিছু দেরি হয়েছে। বইগুলোতে কিছু কিছু পরিবর্তন প্রয়োজন ছিল। যে পা-ুলিপি তৈরি করা হয়েছিল, তা কিছুটা পরিমার্জন করা হয়েছে। সে কারণে বিলম্ব হয়েছে। তবে দেরি হলেও আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই বিনামূল্যে বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা।’
প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে রয়েছে। প্রাথমিকের প্রধান শিক্ষকরা এখনো ১০ম গ্রেড পাননি। তাই প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি বাস্তবসম্মত নয়। অবশ্য তাদের দাবি অযৌক্তিক নয়। আমাদের প্রথম টার্গেট হচ্ছে প্রাথমিকের প্রধান শিক্ষকরা যাতে ১০ম গ্রেড পান।’
উপদেষ্টা বিধান রঞ্জন রায় আরও বলেন, ‘ত্রুটিপূর্ণ প্রাথমিক শিক্ষা দেশের সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করে। দেশকে উন্নত করতে হলে প্রাথমিক শিক্ষা গতিশীল ও ত্রুটিমুক্ত করতে হবে।’