‘বেকারত্ব নয়, উদ্যোক্তা তৈরি করতে হবে’। এ ছাড়া নারী, শিশু, যুব এবং প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিকসেবা নিশ্চিত এবং স্বচ্ছতা, জবাবদিহির পাশাপাশি টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সব স্তরে বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দায়িত্ব নিয়ে উদ্যোক্তা তৈরি হয়ে অর্থের প্রয়োজন ছাড়াই ইচ্ছাশক্তির বলে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রংপুর আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে ইউএসএইডের অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই, নাগরিকদের আকাক্সক্ষা ও যুব কর্মসংস্থান, প্রত্যাশা ও সুপারিশ’ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় রেজিস্ট্রেশন শুরুর পর জাতীয় সংগীতের মাধ্যমে সাড়ে ১০টায় উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আলী ইজাদ। কারমাইকেল কলেজের বিতর্ক পরিষদের সাবেক মূখ্য সমন্বয়ক জয় লালার সঞ্চালনায় প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) সভাপতি মো. সাব্বির আহমেদ বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আরও কর্মসংস্থানবান্ধব করা প্রয়োজন। তিনি বলেন, তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার দিকে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।
চাকরি এবং কর্মসংস্থানকে দেশের গন্ডিতে আটকে না রেখে, নিজের কর্মক্ষেত্রকে আরও বিস্তৃত করতে পরামর্শ দেন রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মাগফুর হোসেন রিপন। ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহার করে নিজেদের কাজের উপযোগী করে বিশ্ব দরবারে উপস্থাপনের ওপর জোর দেন তিনি।
রংপুর মহানগর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্চু বলেন, শুধু অ্যাকাডেমিক শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব নয়। নিজের মেধা, আত্মবিশ্বাস এবং কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন। রংপুর অঞ্চলের কিছু উদ্যোক্তার উদাহরণ দিয়ে তিনি বলেন, উদ্যোক্তা হতে অনেক অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন ইচ্ছাশক্তির।
ইউএসএইডের স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বিশ^বিদ্যালয়, জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। অনুষ্ঠানে কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।