অধিকাংশ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নেই দেশে

বাংলাদেশের হাসপাতালগুলোতে ব্যবহৃত অধিকাংশ অ্যান্টিবায়োটিক ওষুধ কার্যকারিতা হারিয়েছে। বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা খুবই কম। এর ফলে চিকিৎসকরা সীমিত কিছু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। কিন্তু অতিরিক্ত ব্যবহারের কারণে এসব ওষুধের সংবেদনশীলতাও দিন দিন কমে যাচ্ছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ ২০২৪ সালের অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এমআরআই) সার্ভিলেন্সে এই তথ্য উঠে এসেছে। গতকাল রবিবার রাজধানীর আইইডিসিআরে এই জরিপ প্রকাশ করা হয়।

এই পরিস্থিতিকে উদ্বেগজনক মনে করছে প্রতিষ্ঠানটি। তাদের পরামর্শ, রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধের সংবেদনশীলতা পরীক্ষার পর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা জরুরি। এসব অ্যান্টিবায়োটিক পরীক্ষা ও রোগের কালচার করার জন্য দেশে পরীক্ষাগারের সক্ষমতা বাড়াতে হবে।

আইইডিসিআর এমনও পরামর্শ দিয়েছে, রোগীদের বাঁচাতে অ্যান্টিবায়োটিক ব্যবহারে বৈচিত্র্য আনা জরুরি।

জরিপের তথ্য অনুযায়ী, দেশে চিকিৎসায় ব্যবহৃত ১২ হাজার ৩২৬টি অ্যান্টিবায়োটিক ওষুধের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সেফট্রিয়াক্সোন, যা মোট অ্যান্টিবায়োটিকের ৩১ শতাংশ এবং মেরোপেনেম ১৮ শতাংশ। এই দুই ধরনের অ্যান্টিবায়োটিকের মধ্যে হাসপাতালের ওয়ার্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সেফট্রিয়াক্সোন ৪০ শতাংশ, আইসিইউতে মেরোপেনেম ৩৪ শতাংশ ও অন্যান্য ক্ষেত্রে সেফট্রিয়াক্সোন ২২ শতাংশ।

হাসপাতালের বহির্বিভাগে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সেফিক্সিম ১২ দশমিক ৭ শতাংশ ও কাছাকাছি সেফট্রিয়াক্সোন ১২ দশমিক ৬ শতাংশ। অথচ শীর্ষ তালিকাভুক্ত এই সেফট্রিয়াক্সোন অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা অত্যন্ত দুর্বল। তবে এর ব্যবহার দিন দিন কমছে।

ডায়রিয়া ও এলআরটিআই (আইসিইউ এন্ডোট্রাকিয়াল এসপিরেট নমুনা) রোগীদের ক্ষেত্রে সবচেয়ে কম ব্যবহত ওষুধ সেফট্রিয়াক্সোন। এর মধ্যে ডায়রিয়ার চিকিৎসায় বেশি ব্যবহৃত হচ্ছে আজিথ্রোমাইসিন ও এলআরটিআই-এর ক্ষেত্রে মেরোপেনেম অ্যান্টিবায়োটিক।

জরিপে আরও বলা হয়েছে, দেশের ১০টি মেডিকেল কলেজের মধ্যে মেরোপেনেম সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে সেফিক্সিম অ্যান্টোবায়োটিক। তবে মেরোপেনেম ছয়টি মেডিকেল কলেজের দ্বিতীয় সর্বাধিক ও দুটি মেডিকেল কলেজে তৃতীয় সর্বাধিক ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধ।

বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের সর্বশেষ কার্যক্ষমতার তথ্য তুলে ধরে জরিপে বলা হয়, দেশে দিন দিন ব্যবহার বাড়লেও কার্বোপেনেম অ্যান্টিবায়োটিকের রোগ প্রতিরোধের ক্ষমতা বা সংবেদনশীলতা কমছে। ঘন ঘন ব্যবহারের কারণে অ্যামিকাসিন অ্যান্টিবায়োটিক আইসিইউতে অধিকাংশ অর্গানিজমের ক্ষেত্রে দুর্বল সংবেদনশীলতা দেখাচ্ছে। রিজার্ভ গ্রুপের ওষুধের মধ্যে সর্বোচ্চ ব্যবহৃত লিনেজলিড অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা আইসিইউতে বেশ কম।

জরিপ উপস্থাপন করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন ও আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. জাকির হোসেন হাবিব।

জরিপে দেশের ১০টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত ব্যবহৃত ১২ হাজার ৩২৬টি অ্যান্টিবায়োটিকের ডেটা ব্যবহার করা হয়েছে। এসব অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা দেখতে রোগীর প্রস্রাব, রক্ত, মল, কফ, এন্ডোট্রাকিয়াল অ্যাসপিরেট ও ক্ষতের পুঁজ পরীক্ষা করা হয়েছে।