কোকেন সেবনের দায়ে নিষেধাজ্ঞায় নিউজিল্যান্ডের ক্রিকেটার

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ডগ ব্রেসওয়েলকে কোকেন সেবনের অভিযোগে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী ব্রেসওয়েল জানুয়ারিতে ওয়েলিংটনের বিপক্ষে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে টি-টোয়েন্টি ম্যাচের পর ডোপ টেস্টে কোকেন ব্যবহারের প্রমাণ পান। সেই ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ২১ রান খরচায় ২ উইকেট শিকার, ১১ বলে অপরাজিত ৩০ রান এবং দুইটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান। 

তবে স্পোর্ট ইন্টেগ্রিটি কমিশন টে কাহু রাউনুই নিশ্চিত করেছে যে ব্রেসওয়েল প্রতিযোগিতার বাইরের সময় কোকেন ব্যবহার করেছেন এবং এটি খেলার সাথে সম্পর্কিত নয়। ফলে, তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হলেও, চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করায় সেটি এক মাসে কমিয়ে আনা হয়। নিষেধাজ্ঞাটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর ধরা হয়েছে এবং ইতোমধ্যে সেটি শেষ হয়েছে। ফলে, ব্রেসওয়েল এখন আবার ক্রিকেটে ফিরতে পারবেন। 

স্পোর্ট ইন্টেগ্রিটি কমিশনের প্রধান নির্বাহী রেবেকা রোলস বলেছেন, ‘অ্যাথলেটদের তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ স্থাপন করার দায়িত্ব রয়েছে। তাদের কর্মকাণ্ড তরুণদের উপর প্রভাব ফেলে এবং তারা যেন সুস্থ ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেয় তা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিনোদনমূলক মাদক, যেমন কোকেন, অ্যাথলেটদের জন্য ঝুঁকিপূর্ণ এবং অবৈধ। এগুলোর ব্যবহার যে কোনো স্তরের খেলাধুলার জন্য একটি গুরুতর সমস্যা।’ 

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘ব্রেসওয়েল তার ভুল স্বীকার করেছেন এবং এটি থেকে শিক্ষা নিয়েছেন। তিনি আমাদের প্রত্যাশার বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং আমরা তাকে সহায়তা প্রদান চালিয়ে যাব।’ 

উল্লেখ্য, ব্রেসওয়েলের অতীতেও কয়েকটি বিতর্কিত ঘটনা রয়েছে। ২০১৭ সালে তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে এক বছরের জন্য ড্রাইভিং নিষিদ্ধ করা হয় এবং ১০০ ঘণ্টা কমিউনিটি সার্ভিস দেওয়া হয়। ২০১০ এবং ২০০৮ সালেও তিনি অনুরূপ অপরাধের জন্য শাস্তি পেয়েছেন। 

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ব্রেসওয়েল নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট, ২১টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।