পাবনার ঈশ্বরদীতে মানিক হোসেন নামে এক যুবলীগ কর্মীকে গুলির পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে পাবনা কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মী মানিক ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে। তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হত্যা মামলায় জেল খেটে গত তিন—চারদিন আগে জামিনে বাড়িতে এসেছিলেন মানিক। সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে অচেনা আট—১০ জন সেখানে এসে মানিককে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়েন। এতে মানিক মাটিতে লুটিয়ে পড়লে রামদা ও চাপাতি দিয়ে মানিককে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
২০২৩ সালের ১৭ জুন ঈশ্বরদীতে পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী তাফসির আহমেদ মনা খুন হন। সেই মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী মানিক। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেলহাজতেই ছিলেন মানিক। সম্প্রতি জামিনে বের হয়েই খুন হলেন তিনি।