খালেদের ফাইফারে ইনিংস ব্যবধানে জয় সিলেটের

অধিনায়ক অমিত হাসানের সেঞ্চুরি ও আসাদুল্লাহ আল গালিবের ফিফটিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিল সিলেট বিভাগ। ফলে ঢাকা মেট্রোর বিপক্ষে তারা পায় ২৪৬ রানে লিড। সিলেটের বোলারদের দাপটে ঢাকা প্রথম ইনিংসে থেমেছিল ১৩০ রানে। দ্বিতীয় ইনিংসে সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজারা ছিলেন আরও ভয়ংকর। তাতে ১০৭ রানেই গুটিয়ে যায় নাঈম শেখের দল। সিলেট পায় ইনিংস ও ১৩৯ রানের বড় জয়।

দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রোর ব্যাটিং অর্ডার ছিল আরও নড়বড়ে। অধিনায়ক ও ওপেনার নাইম শেখসহ টপ অর্ডার দাঁড়াতেই পারেনি। ৩০ রানেই হারায় তারা প্রথম চার ব্যাটসম্যানকে।

আজ ম্যাচের তৃতীয় দিন সকালে মার্শাল আইয়ুব (৩৪) ও আবু হায়দার রনি (২৮) রান করলে ঘুরে দাঁড়ানোর আভাস পাচ্ছিল। কিন্তু খালেদ-রাজারা সেটা হতে দেননি। ১০৭ রান তুলতেই গুটিয়ে যায় ঢাকা।

সিলেটের হয়ে খালেদ ৪৫ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন। আর রাজার ঝুলিতে যায় ৩ উইকেট। এছাড়া নাসুম ও নাইম নেন একটি করে উইকেট।

ম্যাচসেরার পুরস্কার উঠে ব্যাট হাতে ১০১ রান করা সিলেটের অধিনায়ক অমিতের হাতে।