বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে ডিপফ্রিজে রাখার ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে রিমান্ডে থাকা মাবিয়া ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রবিবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ ও ৪ এর বিচারকের কাছে আনা হয়। রাত সাড়ে ১২টার দিকে তাদের পৃথকভাবে জবানবন্দি প্রদান শেষে কারাগারে প্রেরণ করে পুলিশ।
এর আগে শুক্রবার আটক মোসলিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে গ্রেপ্তার তিনজন জবানবন্দি প্রদান করলেন।
তবে কি বলেছে তারা সে বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশ। তাদের জবানবন্দি জানার পর নিশ্চিত হওয়া যাবে এ মামলায় কারাগারে থাকা নিহতের ছেলে সাদ বিন আজিজুর আদৌও জড়িত কি না।
উল্লেখ্য গত ১০ নভেম্বর বগুড়া জেলার দুপচাঁচিয়া জয়পুরপাড়া এলাকায় ‘আজিজিয়া মঞ্জিল’ নামে নিজ বাসার ডিপফ্রিজ থেকে উম্মে সালমা খাতুন (৫০) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় র্যাব সদস্যরা ১২ নভেম্বর দিবাগত রাতে নিহতের ছোট ছেলে মাদ্রাসা শিক্ষার্থী সাদ বিন আজিজুর রহমানকে আটক করে পরের দিন দুপুরে হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করে র্যাব-১২ বগুড়া ক্যাম্প প্রেস ব্রিফিং করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং পুলিশ রিমান্ডে নেয়। এরপর বদলে যায় দৃশ্যপট। পুলিশ তদন্তে ওই বাড়ীর ভাড়াটিয়া মাবিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে আটক তিনজন হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে।
এদের মধ্যে শুক্রবার মোসলেম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং অপর দুই জনকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে রবিবার মাবিয়া ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার তিনজনের একজন শুক্রবার জবানবন্দি দিয়েছেন, বাকি দুজন দুই দিনের রিমান্ড শেষে আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। তবে জবানবন্দিতে কি বলেছেন তারা তা এখনও জানা যায়নি। জবানবন্দির কপি পেলে বিস্তারিত জানা যাবে।