কারফিউ জারির পরও উত্তাল মণিপুর, গুলিতে বিক্ষোভকারী নিহত

ভারতীয় রাজ্য মণিপুরে নতুন করে সৃষ্টি হওয়া সহিংসতা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোনভাবেই। কারফিউ জারির পরও বিক্ষোভে উত্তাল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটি। বিশেষ করে জিবিরাম জেলায় নতুন করে কেন্দ্রস্থল হয়ে উঠেছে উত্তেজনা, সহিংসতা এবং অশান্তির।

রোববার (১৭ নভেম্বর) জিবিরাম জেলায় নিরাপত্তা বাহিনী এবং বেসামরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় গণমাধ্যমগুলর তথ্যমতে, রোববার জিরিবাম জেলার বাবুপাড়া এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের। আহত হয়েছেন আরও একজন। 

সম্প্রতি শুক্র ও শনিবার ছয়জনের মরদেহ আবিষ্কারের পর শনিবার থেকে মনিপুরে আবার সহিংসতা ছড়িয়ে পড়ে। এরই জেরে শনিবার বিক্ষুব্ধ জনতা মণিপুরের বেশ কয়েকজন মন্ত্রী ও এমএলএর বাসভবনে আগুন ধরিয়ে দেয়। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনেও আক্রমণের চেষ্টা চালানো হয়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, এসব অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় গতকাল ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্তমানে মণিপুরের ছয়টি থানায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন জারি আছে। শনিবার এই আইন রদ করতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে রাজ্য সরকার।

এদিকে অস্থিরতা কবলিত ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার মহারাষ্ট্রে চারটি নির্বাচনী সমাবেশ বাতিল করে নিরাপত্তা পর্যালোচনা সভা করছেন অমিত।