অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল পাকিস্তান। কিন্তু টি-টোয়েন্টিতে হোয়াটওয়াশ হলো পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্টয়নিসের ফিফটিতে অস্ট্রেলিয়া জিতেছে ৫২ বল হাতে রেখে।
আটে ব্যাট করে পাকিস্তান ১৮.১ ওভারে অলআউট হয় ১১৭ রানে। বাবর আজম করেন ২৮ বলে ৪১ রান। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন বাবর ও হাসিবুল্লাহ খান।
হাসিবুল্লাহ ২৪ রানে ফিরলে জুটি ভাঙে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। অ্যারন হার্ড নেন ৩ উইকেট।
হোবার্টে আজ সোমবার পাকিস্তান দলের অধিনায়কত্ব করেন সালমান আগা। রিজওয়ান ছিলেন বিশ্রামে। পাকিস্তান দলে অভিষেক হয় অলরাউন্ডার জাহানদাদ খানের। যে কোন ফরম্যাটে এই প্রথম জাতীয় দলের হয়ে খেললেন তিনি। অভিষিক্ত জাহানদাদ ১০ বলে ৫ রান করেন।
জবাব দিতে নেমে দলীয় ৩০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন জশ ইংলিশ ও মার্কাস স্টয়নিস। ইংলিশ ২৭ রান করনে।
স্টয়নিস ২৭ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৫টি করে চার ও ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি স্টয়নিসের পঞ্চম ফিফটি। ম্যাচেসরাও হন তিনি। আর সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হন স্পেনসার জনসন।
এরপর অস্ট্রেলিয়া খেলবে বর্ডার-গাভাস্কার সিরিজ। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে পার্থে।