গণ-অভ্যুত্থানে শহীদদের নামে হেল্পডেস্ক চালু করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েটে) ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে ডুয়েট ছাত্রদল।
গতকাল রবিবার ও আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপলক্ষে দুই দিনব্যাপী তাদের এই স্বেচ্ছাসেবা কার্যক্রম চলে।
ডুয়েট ছাত্রদলের পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় শহিদ ওয়াসিম আকরামের নামে ‘শহীদ ওয়াসিম আকরাম হেল্প ডেস্ক’ নামে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়। পাশাপাশি ‘শহীদ মুগ্ধ ওয়াটার কর্নার’ ও ‘শহীদ আবু সাইদ ইন্সট্রুমেন্ট কর্নার’ও চালু করেন ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীরা। এসব হেল্প ডেস্কে বিশুদ্ধ খাবার পানির পাশপাশি ছিলে প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জাম। এ ছাড়া আসন খুঁজে পেতে সহায়তাসহ নানা ধরনের সহায়তা নেওয়ার সুযোগ ছিলো সবার জন্য উন্মুক্ত।
ডুয়েট ছাত্রদলের আহ্বায়ক সোহাগ সরদার এবং সদস্য সচিব ফজলে রাব্বি খানের উদ্যোগে এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কাজ করছেন।
সোহাগ সরদার বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করতে, তাদের ত্যাগকে সম্মান জানাতে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এটা এক ধরণের মানবিক কাজ। এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানা ধরনের সহায়তা দেওয়া হয়েছে।