রাজবাড়ী

ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা তানভীর হত্যা মামলায় জাহিদুল ইসলাম জিসান (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব।

গ্রেপ্তার জিসান সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের নুরুর ছেলে। তিনি রাজবাড়ী পৌর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। জিসান তানভীর হত্যা মামলার ২ নম্বর আসামি।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গত ১২ নভেম্বর রাজবাড়ী শহরের বিনোদপুরে ছুরিকাঘাতে তানভীর নামে একজনকে হত্যা করা হয়। নিহত তানভীর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মামা আলম শেখ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আর ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে জিসানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর মৌলভীঘাট সংলগ্ন কবরস্থান থেকে একটি স্টিলের গিয়ার চাকু ও একটি লোহার চাপাতি উদ্ধার করা হয়। পরে জিসানকে আদালতে পাঠানো হলে তিনি তানভীর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।