ফের জড়িয়েছেন প্রেমে

পরীমণির নামটাই যথেষ্ট যেকোনো আলোচনায় থাকার জন্য। অবশ্য বছর জুড়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। তবে পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে তার।

প্রায় এক বছর ধরে একাকী জীবনযাপন করছেন পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর, মাস ছয়েক আগেও নায়িকা বলেছিলেন, ‘বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি।

আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’

এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন পরীমণি। তবে সেখানেও রেখে দিলেন রহস্য। ফেসবুকে একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।’

পরীর এমন পোস্টে মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাক্সিক্ষ ও প্রিয়জনরা। বেশির ভাগ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’ কেউ বলেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে। উঠতে বসতে পড়ে।’

ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ছাপিয়ে বেশিরভাগ অংশেরই প্রশ্ন, পরীমণির নতুন প্রেমিক কে? কারণ তার প্রেমিক নিয়ে এখনো ধোঁয়াশা। নায়িকার কাছের মানুষরাই একেকজন একেক তথ্য দিচ্ছেন। কেউ বলছেন বিনোদন জগতের, কেউ বলছেন ব্যবসায়ী, কারও তথ্যে পরীমণির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত।

নানা মন্তব্য ঘুরলেও নতুন এই প্রেমিক কে, সেই ব্যাপারে কিছুই জানাননি পরী। আপাতত জানাতেও চান না। এদিকে গত ৪ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। মুক্তির পর সিরিজের জন্য ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন নায়িকা। কেউ কেউ বলছেন, সেই ‘স্বপ্নজাল’ সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিলেন পরীমণি। আবার কেউ বলছেন, এখন পর্যন্ত পরীর সেরা কাজ।

সিরিজটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।