আর্জেন্টিনার ‘শ্রেষ্ঠত্ব’ হুমকির মুখে

কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে আগের ম্যাচেই প্যারাগুয়ের কাছে হেরেছে আর্জেন্টিনা। তাদের পরবর্তী প্রতিপক্ষ পেরু। নিজেদের ঘরের মাঠে পেরুর বিপক্ষে ম্যাচ হারলে বা ড্র করলে তার প্রভাব পড়তে পারে আর্জেন্টিনার র‌্যাকিংয়ে। এই ম্যাচে হারলে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান হারাতে হতে পারে আলবিসেলেস্তেদের।

সবশেষ অক্টোবরে প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষেই আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৩-এর এপ্রিল মাস থেকে শীর্ষে তারা। ফিফা র‌্যাংকিং নানা বিষয়ের ওপর নির্ভর করে। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে এই বছর হেরেছে কলম্বিয়া ও প্যারাগুয়ের কাছে। ভেনেজুয়েলার বিপক্ষে করেছে ড্র। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে প্যারাগুয়ের বিপক্ষে হারের পর স্কালোনির দলের র‌্যাংকিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৫৯.৭৯। যদি আর্জেন্টিনা পেরুর বিপক্ষে হারে এবং নেশনস লিগের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেন জেতে তবে স্প্যানিশরা শীর্ষে উঠে যাবে (গতকাল রাতে হয়েছে ম্যাচটি)। ড্র করলেও র‌্যাংকিংয়ে দুইয়ে নেমে যেতে পারে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচ শেষে ২২ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে পয়েন্ট পেলে তারা শীর্ষেই থাকবে। তবে যদি হেরে যায় এবং উরুগুয়ে ব্রাজিলকে হারায় তখন আর্জেন্টিনা ও উরুগুয়ের পয়েন্ট সমান হবে। আর্জেন্টিনা হারলে আর ইকুয়েডরের বিপক্ষে কলম্বিয়া জিতলেও সমান ২২ পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকা দল থাকবে শীর্ষে। গোল ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ও পেরুর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায়। এর ৪৫ মিনিট পর মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে।

বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ জয়, চার হার ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবশেষ ম্যাচে ভেনেজুয়েলার মাঠ থেকে ফেরে ১-১ ড্র নিয়ে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনহোস বলেন, ‘যদিও অনেক কারণে জাতীয় দলের প্রতি মানুষের আশা নষ্ট হয়ে যেতে পারে, তারপরও আমরা চাই তারা যেন দলের প্রতি তাদের আবেগ হারিয়ে না ফেলে। আমরা এখনো অনেক কিছুতে ভুল করব। কারণ খেলোয়াড় ও দলে নানা পরিবর্তনের কারণে এই পালাবদল আমাদের কাছে এখনো একেবারেই নতুন। তবে আমাদের ভুলের পরিমাণ কম হলে, এটা আমাদের খুশি করে।’