আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে রাজনৈতিক দলগুলো বাধা দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যে বাঁধা দেওয়ার চেষ্টা করছে।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হতে পারিনি। এমন একটা সময়ে আমরা দায়িত্ব পেয়েছি যখন বাংলাদেশ একটা ধ্বংসযজ্ঞের মতো পরিস্থিতিতে ছিল। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি এবং নিচ্ছি। আন্দোলনে শতাধিক শিক্ষার্থীর চোখের মধ্যে ছররা গুলি ঢুকেছি। এর মধ্যে প্রায় পঞ্চাশজনের চোখের ভেতর থেকে সফলভাবে স্প্রিন্টার বের করা হয়েছে। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে আহতদের চিকিৎসা করা হয়নি। তখন সরকারী অনেক মেডিকেল কলেজে বলেও দেওয়া হতো যাতে তাদের চিকিৎসা না দেওয়া হয়। অনেকেই তখন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে অনেকে জমি বিক্রি করেও চিকিৎসা খরচ চালিয়েছে।’
গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘ইতিপূর্বে বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য যেসব খরচ হয়েছে তা সরকারের পক্ষ থেকে বহন করা হবে। পিজি হাসপাতালের সঙ্গে ভিআইপিদের চিকিৎসার জন্য যে সুপার স্পেশালাইজড চালু করা হয়েছিল সেখানে পর্যাপ্ত জনবল ছিল না। সেটিকে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিশেষভাবে চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যেসব আহতরা চিকিৎসা পাচ্ছে না তারা সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসার জন্য আসতে পারে। সেখানে চিকিৎসা দেওয়ার জন্য আহতদের আনার প্রক্রিয়া সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। ডাক্তারদের পরামর্শক্রমে আহতদের দেশের বাইরে উন্নত চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এক্ষেত্রে আহতদের পাসপোর্ট না থাকা ও অনেকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিছু জটিলতা রয়েছে। আহতদের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।’
দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকার কাজ করছে উল্লেখ করে আসিফ মাহমুদ আরও বলেন, ‘আহতদের চিকিৎসার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখা আমাদের প্রথম অগ্রাধিকারের মধ্যে ছিল। বাংলাদেশ প্রায় ১৮ লাখ কোটি টাকা ঋণ রয়েছে। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। সেইরম একটা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে সচল রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে আমরা যেন দেউলিয়াত্বের দিকে না যাই সেই বিষয়ে কাজ করতে হচ্ছে। বুয়েটের আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়েছিল তখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম। তখন ওই ঘটনার আন্দোলন করার জন্যও আমাদের অনেক চাপ সহ্য করতে হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা আন্দোলনও করেছিলাম। দেশপ্রেমকে ধারণ করে যে আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই বাংলাদেশের মানুষ শুরু করেছিল সেই লড়াই আবরার ফাহাদের আত্মত্যাগের মাধ্যমে একটি ভিন্ন গতি পেয়েছিল। আমাদের সেই লড়াই এখনো রয়েছে। সেই লড়াইয়ের একটি অংশ চব্বিশের গণঅভ্যুত্থান।’
চব্বিশের গণঅভ্যুত্থান পুরোপুরি সফল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এই গণঅভ্যুত্থান আংশিক সফল হয়েছে। কারণ আমাদের এক দফা দাবির মধ্যে ছিল শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ। কিন্তু এখনো সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিরোধ করা সম্ভব হয়নি। আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামীলীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাঁধা দেওয়ার চেষ্টা করছে। ১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে। সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত।’
ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনের ব্যাপারে আসিফ মাহমুদ বলেন, ‘যে ক্যাম্পাসগুলো থেকে ফ্যাসিবাদ পতনের আন্দোলন শুরু হয়েছিল গণতান্ত্রিক চর্চার শুরুটাও সেই ক্যাম্পাসগুলো থেকে হওয়া উচিত। জানুয়ারি - ফেব্রুয়ারির মধ্যে সকল ক্যাম্পাসগুলো ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমরা ক্যাবিনেটে আলোচনা করব।’
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ব্যক্ত করে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন এবং জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।