৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) বাতিল করা হয়েছে। এ ছাড়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে আরও সমানসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে নতুন করে ফল প্রকাশ করা হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও আট সদস্যের কমিশন সভায় এ তিন বিসিএসের বিষয়ে সম্প্রতি এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা গতকাল সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।
এ ছাড়া একই কমিশন সভায় ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহসংক্রান্ত সব বিষয় গুরুত্বসহকারে আলোচনা হয়। কমিশন এসব পরীক্ষার স্বচ্ছতা, নায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তিনটি বিসিএসের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান।
এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন-ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে পিএসসি পর্যালোচনা করছে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
২০২৪ সালের ৮ মে শুরু হওয়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা সবশেষ ২৫ আগস্ট স্থগিত করা হয়। দুই দফায় স্থগিত হওয়ার আগে ৩ হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। এতে ১১ হাজার ৭৩২ জনের অংশ নেওয়ার কথা ছিল। এ পরীক্ষা বাতিলের কারণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীকে আবার মৌখিক পরীক্ষা দিতে হবে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে।
এ বিসিএসের এক বছর পর ২০২২ সালের ৩০ নভেম্বরে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। ২০২৪ সালের জানুয়ারিতে শেষ হওয়া এ পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি।
অন্যদিকে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪ সালের ২৬ এপ্রিলে অনুষ্ঠিত হয়। গত ৯ মে এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন। এখন তাদের সঙ্গে প্রিলিমিনারিতে পাস করা আরও সমানসংখ্যককে নির্বাচিত করে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত করা হবে।
আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী যারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন, তাদের ফল বহাল থাকবে। নতুনদের নিয়ে এ ফল পুনরায় প্রকাশ করবে পিএসসি।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ পরবর্তী সময়ে এসব বিসিএসের কার্যক্রম এতদিন বন্ধ ছিল। চলতি মাসে পিএসসির নতুন চেয়ারম্যান ও আট সদস্য নিয়োগের মাধ্যমে এসব বিসিএসের স্থগিত থাকা কার্যক্রম আবার শুরু হলো।
এর আগে অন্তর্বর্তী সরকার ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের অপেক্ষায় থাকা ২ হাজার ৬৪ জনকে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগের গেজেট প্রকাশ করে।
বিএসএস পরীক্ষার বিধিমালায় সম্প্রতি কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। যার মধ্যে রয়েছে চারবারের বেশি কোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না এবং বয়সসীমা হবে সর্বোচ্চ ৩২ বছর।