যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। দেশটিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯ জনে। ২০২৪ সালের ‘ওপেন ডোর্স রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’-এর সূত্র ধরে গতকাল সোমবার এ তথ্য দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চমকপ্রদ এ সংখ্যা বৃদ্ধি বাংলাদেশকে এক বছরের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় ত্রয়োদশ থেকে অষ্টম স্থানে নিয়ে এসেছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা আড়াইশ শতাংশ বেড়েছে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে যেখানে এই সংখ্যা ছিল ৪ হাজার ৮০২ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯ জনে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ও ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন প্রতি বছর এ ‘ওপেন ডোর্স রিপোর্ট’ প্রকাশ করে। এ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও প্রি-অ্যাকাডেমিক ইন্টেনসিভ ইংলিশ প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির তথ্য তুলে ধরা হয়।