মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের একটি টিস্যু কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  গতকাল সোমবার ভোর ৫টার দিকে এ অগ্নিকা- হয়। উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকার ঝাউচরে মেঘনা গ্রুপের ফ্রেশ পেপার অ্যান্ড পাল্প কারখানাটিতে লাগা এ আগুন প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এতে হতাহতের কোন ঘটনা না হলেও কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান,  সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু উৎপাদনকারী পেপার অ্যান্ড পাল্প কারখানার গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর সকাল সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। 

  মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্টিস লিমিটেডের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাস জানান, আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। আমাদের মালামালসহ এ কারখানার অনেক মেশিনারিস পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা যায় ক্ষয় ক্ষতির পরিমান প্রায় সাড়ে ৫শ’ কোটি টাকা হতে পারে। তবে পরবর্তীতে অনুসন্ধানের পর ক্ষতির পরিমান সঠিক ভাবে বলা যাবে।