‘কৃষ ৪’-ই হবে শেষ সিনেমা, অবসরে যাচ্ছেন রাকেশ রোশন 

অভিনয় থেকে অনেক বছর আগেই অবসর নিয়েছিলেন রাকেশ রোশন। তার পর অবশ্য ছবি পরিচালনায় একের পর এক মাস্টারস্ট্রোক উপহার দিয়েছেন দিয়েছেন। তবে এবার সেই পরিচালনা থেকেও অবসর ঘোষণা করলেন রাকেশ রোশন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃষ ৪’ -ই হবে তার শেষ ছবি। এর পর প্রযোজকের দায়িত্বে থাকলেও আর পরিচালনা করবেন না।

এই সাক্ষাৎকারে রাকেশ বলেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। বরং প্রযোজনায় থেকে নতুন নতুন ছবি অবশ্যই তৈরি করব। তবে এটা বলতে পারি, কৃষ ৪ ছবি তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত কৃষ ৪ তৈরি হবেই।’

অন্যদিকে, নিন্দুকরা বলেন বাবা রাকেশ রোশনের ছবিতে অভিনয় করলেই, হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। কথাটা যে একেবারে মিথ্যে তা নয়। কারণ, হৃত্বিকের ট্র্যাক রেকর্ডে নজর রাখলে দেখা যায় রাকেশ রোশনের পরিচালিত ছবি অর্থাৎ ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কোই মিল গায়া’, ‘কৃষ’ই সবচেয়ে বেশি হিট।

শোনা যাচ্ছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দেই নাকি ভরসা পাচ্ছেন রাকেশ ও হৃতিক দুজনে। সব কিছু ঠিকঠাক চললে, নতুন বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে এই ছবির শুটিং।