দেখতে দেখতে বলিউডে এক দশক পার করে দিলেন অভিনেত্রী তাপসী পান্নু। কারও সহযোগিতা ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হিন্দি সিনেমার জগতে। গত বছর বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে তাপসীর। যার মধ্যে অন্যতম ছিল ‘ডাঙ্কি’।
তবে যে কারণে তিনি বার বার সমালোচিত হয়েছেন, তা হল আলোকচিত্রীদের সঙ্গে তার আদায় কাঁচকলায় সম্পর্ক। মাঝেমাঝেই আলোকচিত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রী।
সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে গিয়ে আবারও মেজাজ হারালেন তিনি। আলোকচিত্রীদের দেখা মাত্রই বললেন, “বাজে বাজে কথাই লিখবেন আমাকে নিয়ে, কেমন!”
এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রচার পছন্দ করেন না তাপসী। আলোকচিত্রী দেখলেই রেগে যান। তার এই স্বভাবের সঙ্গে কেউ কেউ আবার জয়া বচ্চনের মিল খুঁজে পান। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য বার বার শিরোনামে এসেছেন জয়া বচ্চন।
বিভিন্ন সময় তাপসী খানিক একই রকম ব্যবহার করেছেন আলোকচিত্রীদের সঙ্গে। এবারও যেন একই মেজাজ বললেন, “আমাকে নিয়ে দয়া করে ভাল কিছু লিখবেন না। তা হলে ব্যাপারটা একঘেয়ে হয়ে যাবে। বাজেটাই লিখবেন। খুব কষ্ট করে আলোকচিত্রী-বিরোধী ভাবমূর্তি তৈরি করেছি, সেটা ভাঙবেন না।”
তাপসী আরও জানান, তিনি তখনই ছবিশিকারিদের উপর চিৎকার করেন বা বিরক্ত হন, যখন তারা তার খুব কাছাকাছি চলে আসেন, কিংবা তার গাড়ি ধাওয়া করেন। তাপসী বলেন, “প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবনকে সম্মান করা উচিত।”
তাপসী পান্নুকে সর্বশেষ দেখা গেছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছবিতে। প্রত্যাশা চড়ালেও সে ভাবে দর্শকমহলে সাড়া ফেলতে পারেনি এই ছবি।