কুলাউড়ায় ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা  হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাজারে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা মাপার পর ওইসব অবৈধ দোকান মালিকদের অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। অভিযানকালে অনেকে দোকান সরিয়ে নিলেও যারা সরায়নি তাদের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) আরও জানান, অভিযানে প্রায় অর্ধশতাধিক দোকান অপসারণ করে তিন কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উচ্ছেদকৃত জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি উচ্ছেদ হওয়া  ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেন, বাজারের একটি নির্দিষ্ট জায়গায় তাদের পুনর্বাসন করা হবে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুলাউড়া থানার এএসআই তোফায়েল আহমেদ ও আব্দুল মালেক এবং ব্রাহ্মণবাজার ইউপির তহশিলদার আব্দুল আলীম।