সাভারে একটি তৈরি পোশাক কারখানায় (গার্মেন্ট) আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার আইচানদ্দা মহল্লায় অবস্থিত সুরমা গার্মেন্টস নামক তৈরি পোশাক কারখানাটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর দেড় টার দিকে আইচানোয়াদ্দা এলাকার সুরমা গার্মেন্টস কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানার নিজস্ব উৎস থেকে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মেহেরু বলেন, দুপুর দেড়টার দিকে ওই পোশাক কারখানায় আগুন লাগে। এ সময় খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। এসময় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।