গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণ করে ছাত্রলীগের আবরণে এ সংগঠন বলে প্রতীয়মান হচ্ছে।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পিঁপড়া কিচেন রেস্টুরেন্ট নামে একটি রেস্তোরাঁয় ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করে। অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়।
সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা।
সংক্ষিপ্ত ওই সম্মেলনে ১৫-২০ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে শীর্ষ স্থানীয় তিনজন নেতার রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। তবে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ-আদনান অন্তর, মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবির।
‘মুক্তির ডাক ৭১’-এর চেয়ারম্যান আল-রিয়াদ-আদনান অন্তর জানান, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও স্বাধীনতাবিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য। এছাড়া শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়। অনুসন্ধানে জানা যায়, এ সংগঠনের চেয়ারম্যান আল রিয়াদ-আদনান অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের ১নং ব্লকের ভাণ্ডারী গলির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের সহসভাপতি ছিলেন।
সম্প্রতি তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের স্বঘোষিত আহ্বায়ক হিসাবেও কোথাও কোথাও পরিচয় দিতেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। ২০১৮ সালে ইয়াবাসহ টঙ্গীর কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। এ বিষয়ে র্যাব-১০ এর ওয়ারেন্ট অফিসার ডিএডি মো. আজিজুর রহমান বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। এরপর ছাত্রলীগ থেকে তিনি বহিস্কার হন। বহিস্কারের আগ পর্যন্ত তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর অনুসারী তথা উভয়ে সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের অনুসারী ছিলেন। বহিস্কারের পর থেকে আল রিয়াদ-আদনান অন্তর গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গ্রুপের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতেন বলে জানা গেছে।
বাংলাদেশ মুক্তির ডাক-৭১ এর ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশের বয়স ৫৩ বছর হলেও এদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার ন্যায্য সম্মান পায়নি। ক্ষমতার যারা গিয়েছে তারাই নিজেদের স্বার্থ হাসিল করে যাকে তাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিতরণ করেছে। অথচ সত্যিকার এমন অসংখ্য মুক্তিযোদ্ধারা মানবেতর জীবনযাপন করছে। এমনকি কেউ কেউ চিকিৎসার অভাবে মারা গেছেন। এদেশের স্বাধীনতাকে বিতর্কিত করতে চায় ক্ষমতাসীনদের কেউ কেউ।
২০২৪ সালকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করে মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা না করার ফলে তরুণ প্রজম্ম ১৯৭১ সালের ইতিহাস ধারণ করতে পারছে না। এমন গুরুত্বপূর্ণ সময়ে শাসক, নীতা নির্ধারক ও রাজনীতিবিদের তেমন প্রতিক্রিয়াও নেই। গত ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবসে প্রকাশ্য দিবালোকে একাধিক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত এবং রক্তাক্ত করা হয়েছে।
দুঃখজনক হলেও সত্যি যে, দীর্ঘ ৫৩ বছরেও এদেশের মানুষ স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ গ্রহণ করতে পারেনি। আমরা এমন এক ভঙ্গুর সময়ে স্বাধীনতাপন্থী সংগঠন 'বাংলাদেশ মুক্তির ডাক-৭১' আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যে, যে সময়ে এদেশের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতে অনিরাপদ বোধ করছে। স্বাধীনতার ৫৩ বছর পরে ও অধিকার বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত না থাকায় আমরা তাদের পক্ষে অবস্থান নিতেই এই সংগঠনের দায়িত্ব নিচ্ছি।
দেশবাসীকে স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ করে দেওয়া, এদেশের মানবাধিকার লঙ্ঘনকারী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর। স্বাধীনতাবিরোধী সকল শক্তিকে শক্ত হাতে রুখে দিতে 'বাংলাদেশ মুক্তির ডাক-৭১' এর ঘোষণা করছি এবং দেশের স্বাধীনতা বিশ্বাসী সকল সচেতন নাগরিককে অনুরোধ করছি নতুন প্রজন্মের স্বাধীনতাপন্থী সংগঠন হিসেবে আমাদের পাশে থাকুন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, নতুন দল গঠনের বিষয়টি জেনেছি। সংশ্লিষ্টদের বিষয়ে কাজ চলছে।