ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সব বিতর্কের অবসান ঘটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এই সরকারের। অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না। তালতলীর বিএনপি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মো. ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা এসব কথা বলেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপি একাংশের আয়োজনে সদর রোডে জনসভায় অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, হাসিনা সরকারের গত ১৭ বছরের দুর্নীতি, নির্যাতন ও আয়নাঘরে নিয়ে মানুষ হত্যা করে ফ্যাসিবাদী ইতিহাস গড়েছেন। এই সময়ে বাংলাদেশে কোনো নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সাধারণ মানুষের ভোটের অধিকার কেটে নিয়েছে হাসিনা। শত ভয় নিয়েও সাধারণ ছাত্র-জনতা আনন্দোলন করে হাসিনাকে পালাতে বাধ্য করেছে।
তিনি আরও বলেন, এই বরগুনা জেলায় আওয়ামী লীগের সময় কোনো উন্নয়ন হয়নি। তবে তাদের নেতাদের উন্নয়ন হয়েছে। তাই এ দেশ আমাদের, দেশ রক্ষার্থে ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে ও বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মো. শামীম আহসানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের জোমাদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনসভার প্রধান বক্তা এ জেড এম ছালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. নূরুল আমীন পিপি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. রঞ্জুআরা শিপু প্রমুখ। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।