বিগত সরকার কর্তৃক অর্থনৈতিক সেক্টর ধ্বংসের মাধ্যমে জাতির সামগ্রিক মেরুদন্ডকে ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রিসোর্টে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কুবি শাখা শিবির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "বর্তমানে আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক যে প্রসেস সেখানে একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠার প্রয়াস খুবই সামান্য। শিক্ষা ব্যবস্থা ছিল রাজনীতি কেন্দ্রীক। কিন্তু শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত ছিল এমন যেটা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবে। সুতরাং ক্লাসের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমি এখান থেকে কী শিখে যাব এবং জাতিকে কী দিব।"
এ ছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের চারিত্রিক দিক থেকে সফল হতে বিনয়, নম্রতা ও মেধার চর্চার মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান করেন।
এ সময় সমাপনী বক্তব্যে কুবি সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ছাত্রসমাজ চাইলেই বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করে দিতে পারে। এ বাংলাদেশের ইতিহাস যতবার পরিবর্তন হয়েছে ততবার ছাত্রসমাজের অবদান রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, ঢাবি সেক্রেটারি এস এম ফরহাদ, কুমিল্লা মহানগরের সভাপতি নোমান হোসেন নয়ন, কুবির সাবেক সভাপতি শাহাদাত হোসাইন ও ইমরান আল হাসান।
বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেটে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার পরেও নবীন বরণ প্রোগ্রাম করার বিষয়ে জানতে চাইলে শিবিরের সেক্রেটারি মাজাহারুল ইসলাম বলেন, প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেহেতু রাজনীতি নিষিদ্ধ করছে তাই আমরা ক্যাম্পাসের ভেতরে বা ক্যাম্পাস গেটের আশেপাশে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি না।
রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. মো. আবদুল হাকিম বলেন, তারা প্রকাশ্যে রাজনৈতিক প্রোগ্রাম করেছে কিনা আমি জানি না। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক দল প্রোগাম করতে পারে না।