জনগণ নির্বাচন নিয়ে সরকারের অন্তরের কথা জানতে চায়: আজিজুল বারী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের অন্তরের কথা জানতে চায় জনগণ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে অনুষ্ঠিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, গত ১৭ বছরের দিঘলিয়া উপজেলার মানুষ বাড়িতে থাকতে পারেনি। মামলা হামলা দিয়ে হয়রানি করেছে আওয়ামী লীগ। কারা হামলা করেছে, কারা মামলা দিয়েছে তা আমরা জানি, কিন্তু আমরা কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা দোষী যারা অবিচার করেছেন তাদের বিচার করবে সরকার। আমরা কখনোই আইন হাতে তুলে নেব না।

তিনি আরও বলেন, আমরা দেখেছি দিঘলিয়ায় এক সময়ে শিল্প কারখানা ছিল। এ অঞ্চলের মানুষের ঘুম ভাঙতো মিলের হুইসেলের শব্দে। এখন মৃতুপুরীতে পরিণত হয়েছে। শুধু দিঘলিয়াই নয় খুলনার অনেক মিল-কল কারখানা বন্ধ হয়েছে ভোট চোর সরকারের দুর্নীতির কারণে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে আবারো হারানো শিল্পাঞ্চল ফিরিয়ে দেওয়া হবে।

হেলাল বলেন, অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির শতভাগ সর্মথন রয়েছে। এই সরকারের ব্যর্থতা মানে বিএনপির ব্যর্থতা। সরকারের উচিৎ হবে জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করা। সরকারের প্রথম কাজ হলো নির্বাচনের দিকে হাঁটা। কিন্তু সরকারের মধ্যে লুকিয়ে রয়েছে কিছু সংখ্যক মতলববাজ উপদেষ্টা। তারা নির্বাচনের দিকে না হেটে কথিত সংস্কারের নামে কালক্ষেপন করছেন। 

উপজেলা বিএনপি আহ্বায়ক সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, আব্দুর রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল।