শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপকে ৬০ কোটি টাকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বকেয়া বেতনের দাবিতে চার দিন ধরে গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, বেক্সিমকো লিমিটেড এর সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিকদের অক্টোবর’২৪ এর বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে অর্থঋণ অনুমোদন দেওয়া হবে।
তাতে আরও বলা হয়েছে, বেক্সিমকো লিমিটেড এর সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিকদের অক্টোবর’২৪ এর বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ কর্তৃক যৌথভাবে অর্থঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ শ্রমিকদের সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে কাজে যোগদানের জন্য এবং আশুলিয়া-চন্দ্রা এলাকার সকল কারখানাকে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান।
বেক্সিমকো গ্রুপের পরিচালক (অর্থ ও করপোরেট অ্যাফেয়ার্স) ওসমান কায়সার চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, শ্রম মন্ত্রণালয় ১০ কোটি ও অর্থ বিভাগ ৫০ কোটি টাকা ঋণ হিসেবে দেবে। ঋণ পেতে কিছু প্রক্রিয়া রয়েছে। তার জন্য ১-২ দিন সময় লাগবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শ্রমিকদের বেতন দিতে ৮০ কোটি টাকা লাগবে। বাকি ২০ কোটি টাকা আমরা নিজেরা ব্যবস্থা করব।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেতন দিতে না পারায় বেক্সিমকো গ্রুপের একাধিক কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। এতে ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই সময় বেতন দিতে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক ৫৫ কোটি টাকা ঋণ ছাড় করে। যদিও জনতা ব্যাংকে গ্রুপটির ২৩ হাজার ৫৫৭ কোটি টাকার ঋণের মধ্যে প্রায় ১৮ হাজার কোটি টাকা এখন খেলাপি।