বাংলাদেশসহ বিশ্বের সব দেশে শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সেই সঙ্গে কোনো বিক্ষোভই সহিংস পন্থায় দমন করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার) বাংলাদেশ বিষয়ে ভারতীয় এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মিলার।
সাংবাদিকের প্রশ্ন করার সময় বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের ওপর হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, ‘ছাত্রদের ৫ আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে, যেখান থেকে এটির শুরু হয়েছিল। আমরা দেখেছি এ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র ভেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছে।’
ভারতীয় ওই নারী সাংবাদিক বলেন, প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ব্যাপারে আপনার কি কোনো কথা হয়েছে?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কী কথা হয়েছে সেটি আমি এখানে বলব না। তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটা আমরা বিশে^র সব দেশের কাছেই করি যে, আমরা শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবে শান্তপ্রিয় আন্দোলনে সহিংস দমনপীড়ন চালাক।’