রাজধানীর রুপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত রিমান্ডের এ আদেশ দেন।
এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রুপনগর থানার উপপরিদর্শক মামুন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। এরপর বিচারক জ্যাকবের কাছে জানতে চান আপনার কিছু বলার আছে কি না।
পরে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, আমি ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ। আমার এলাকায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। সেখানে অনেক উন্নয়ন করেছি। যে মামলায় আমাকে আসামি করা হয়েছে, বাদী নিজেও স্বীকার করেছেন তিনি ভুল করেছেন।
তিনি আরও বলেন, এ মামলায় নাম, ঠিকানা ভুল আছে। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি কিছুই জানি না, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি রূপনগর এলাকায় কখনো যায়নি। আমার রিমান্ড নামঞ্জুর করেন স্যার। আপননি ন্যায়বিচার করেন। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
গত ১ অক্টোবর জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।